ঢাকা

টানা বৃষ্টিতে হাওর প্লাবিত: ধানি জমি তলিয়ে কৃষকের চোখে হতাশার ছাপ-বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

টানা বৃষ্টিতে হাওর প্লাবিত: ধানি জমি তলিয়ে কৃষকের চোখে হতাশার ছাপ
কাকাইলছেও ইউনিয়নের জুরবিল হাওরে পানিতে ডুবে গেছে ধানি জমি- বার্তা আপডেট ২৪


বার্তা ডেস্ক: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকায় পানি বৃদ্ধি পেয়ে ধানি জমি তলিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পাকা ধান হারানোর আশঙ্কায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

বিশেষ করে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বেশ কয়েকটি হাওর ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। ফলে প্রায় ৮০ হেক্টর জমির পাকা ধান নষ্ট হওয়ার মুখে পড়েছে। অনেক কৃষক পানিতে নেমে সাধ্যমতো ধান কাটার চেষ্টা করলেও পর্যাপ্ত শ্রমিক (দাওয়ালি) ও ধান কাটার মেশিন না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

একজন কৃষক জানান, “প্রায় ২ লাখ টাকা খরচ করে এই বছর ধান চাষ করছি। কিন্তু প্রতিদিনের বন্যা আর বৃষ্টির কারণে ধান কাটার কোনো সুযোগ পাচ্ছি না। আল্লাহর রহমত ছাড়া আর কোনো ভরসা নাই। না দাওয়ালি পাচ্ছি, না মেশিন।”

অন্যদিকে, এক দাওয়ালি শ্রমিক মোঃ আমির উদ্দীন বলেন, “এই অবস্থা চলতে থাকলে আমরাও না খেয়ে মরতে হবে। কারণ ধান কাটতেই পারছি না, আয়ও নাই।”

স্থানীয় রাস্তা-ঘাটের বেহাল অবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক রাস্তা কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, আবার কিছু রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে কাটা ধান ঘরে আনারও কোনো কার্যকর ব্যবস্থা নেই।

স্থানীয় সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ার জানান, তিনি সরেজমিনে হাওর এলাকা পরিদর্শন করে দেখেছেন যে প্রায় ৮০ হেক্টর ধানি জমি পানির নিচে চলে গেছে। তিনি বলেন, “দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে এবং এলাকায় অভাব-অনটন দেখা দিতে পারে।”

এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ বিলাল মিয়ার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এলাকাবাসীর আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে কৃষকদের কিছুটা হলেও ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।


সূত্র: বার্তা আপডেট ২৪

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে