ঢাকা

হবিগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাইসেন্স ও কাগজপত্র বাধ্যতামূলক

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আমিনুল ইসলাম আপন ॥ হবিগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে হলে এখন থেকে ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে হেলমেট না থাকলেও তেল দেওয়া হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত নির্দেশনা জেলার সকল পেট্রোল পাম্পকে অবহিত করেছেন।

জানা যায়, জেলায় মোট ২৬টি পেট্রোল পাম্প থাকলেও সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনটির অবস্থান সুবিধাজনক হওয়ায় প্রতিদিনই এখানে যানবাহন চালকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল থেকে কোনো মোটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখলে তাকে তেল সরবরাহ করা হবে না। পাশাপাশি হেলমেট ব্যবহারও নিশ্চিত করতে বলা হয়েছে।

অগ্রদূত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভাটি এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় রেখে তাদের কিছুটা অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহের চেষ্টা করা হচ্ছে। কারণ, ওইসব এলাকা থেকে হবিগঞ্জ সদরে আসতে দীর্ঘ সময় লাগে এবং জ্বালানি খরচও তুলনামূলক বেশি হয়। ফলে তারা সহজে তেল সংগ্রহ করতে পারেন না।

এদিকে, নতুন এ সিদ্ধান্তে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অনেক চালকের মধ্যে শুরুতে কিছুটা ভোগান্তি দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে